উত্তরদিনাজপুর

লড়ি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রান হারাল তিন স্কুল ছাত্র

আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিন ছাত্রের। এক লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় তাদের। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি পুলিশ ফাঁড়ির সামনে ৩১ নম্বর জাতীয় সড়কে। মৃতরা সকলেই একে অপরের আত্মীয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের বাড়ি সোলপাড়া গ্রামে। মৃতরা হলেন রবীন্দ্র নাথ সরকার, শিবু সরকার ও সুদর্শন মন্ডল। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। 

        গত ৬ নভেম্বর কানকিতে এক আত্মীয়ের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে যায় গোয়ালপোখর থানার সোলপাড়ার বাসিন্দা দুই ভাই রবীন্দ্রনাথ সরকার(১৮), শিবু সরকার(৭) ও তাদের এক আত্মীয় সুদর্শন মন্ডল (১৪)। আজ সকাল দশটা নাগাদ তারা তিনজনে একটি মোটরবাইকে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে ৩১ নম্বর জাতীয় সড়কে কানকি পুলিশ ফাঁড়ির সামনে একটি লড়ির সাথে তাদের মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন বাইক আরোহীর। ঘাতক লড়ি সহ চালক পলাতক। দুর্ঘটনার কারনে বেশ কিছুক্ষন ৩১ নম্বর জাতীয় সড়ক যানজটে অবরুদ্ধ হয়ে পরে। পরে চাকুলিয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। একই পরিবারের দুই ভাই ও এক আত্মীয় সহ তিনজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে।